Ticker

6/recent/ticker-posts

Ad Code

গাজীপুরে বেতনের দাবিতে বেক্সিমকো কারখানার শ্রমিকদের বিক্ষোভ

 

গাজীপুরে বেতনের দাবিতে বেক্সিমকো কারখানার শ্রমিকদের বিক্ষোভ


গাজীপুর সিটি করপোরেশনের সারাবো এলাকায় গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানার শ্রমিকরা। পরে কারখানার সামনে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেন তারা। এতে যানজট দেখা দেয়।  

শনিবার (১৯ অক্টোবর) সকাল ৮টায় বিক্ষোভ শুরু হয়। পরে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ২২ হাজার শ্রমিক কাজ করেন। প্রতি মাসে এখানে বেতন দিতে হয় ৮০ থেকে ৮২ কোটি টাকা। কারখানার শ্রমিকরা সেপ্টেম্বর মাসেও বেশ কয়েকদিন আন্দোলন ও সড়ক অবরোধ করে বেতন আদায় করেন। চলতি অক্টোবর মাসেও কয়েকদিন আগে বেতনের জন্য বিক্ষোভ করেন। এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে ২৭ কোটি টাকা বেতন দেওয়া হয়। তবে এখনও অনেক শ্রমিক সেপ্টেম্বর মাসের বেতন পাননি। বেতনের দাবিতে এক থেকে দেড় হাজার শ্রমিক শনিবার সকাল ৮টা থেকে কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানার সামনে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিল্প পুলিশ ও সেনাবাহিনী। তারা বেতন আদায় করে দেওয়ার আশ্বাস দিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।কারখানার শ্রমিক নজরুল ইসলাম বলেন, মাসের ১৯-২০ দিন চলে গেলেও বেতন পাচ্ছি না। বেতন না পাওয়ায় ঘরভাড়া, দোকানের বাকি পরিশোধ করতে পারছি না। গত মাসেও আন্দোলন করে বেতন নিতে হয়েছে। প্রতি মাসে এই অবস্থা হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যাবে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, ওই কারখানায় ২৭ কোটি টাকার মতো বেতন দেওয়া হয়েছে। বেতনের বাকি টাকাও দ্রুত পরিশোধ করার জন্য তাদের বলা হয়েছে। শ্রমিকদের আন্দোলনের কারণে অল্প সময় চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে এখন স্বাভাবিক আছে।

Post a Comment

0 Comments